রাজধানী ঢাকায় অপরাধ দমন, চুরি-ছিনতাই রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪০টি মামলা দায়ের করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই নিয়মিত অভিযানে ডিএমপির আটটি ক্রাইম বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতদের বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়— রমনা বিভাগ থেকে ২৯ জন, লালবাগ বিভাগ থেকে ৪০ জন, ওয়ারী বিভাগ থেকে ৭৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭২ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩১ জন, গুলশান বিভাগ থেকে ৩৭ জন, উত্তরা বিভাগ থেকে ৩৮ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ২ জন অপরাধীকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০,১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম চোরাই তামার তার, ১,০০০ পিস সাবান এবং ৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে সমর্থ হয়।
রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ পয়েন্ট ও থানা এলাকায় আইনানুগ এই ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিদের আলামত ও অবৈধ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে আদালতে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
