মো. নুর জামাল হক: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ধর্মসভার রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন তিনি। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মন্দিরে প্রবেশ করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁর আগমন ঘিরে মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে কঠোর নিরাপত্তার মধ্যে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান। মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পথে তারাগঞ্জ ও পাগলাপীরের পথসভায় বক্তব্য দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁর সফর নির্বিঘ্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়।
রংপুরের ধর্মসভার রাধাগোবিন্দ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। দীর্ঘদিন ধরে মন্দিরটি ধর্মীয় উৎসব, সামাজিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক আয়োজনের কেন্দ্র হিসেবে পরিচিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর এই পরিদর্শন ও অনুদান প্রদান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরে।
সানা/আপ্র/২১/১০/২০২৬
