বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে জান্নাতি আক্তার (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে বাঙ্গালী নদী থেকে বের হওয়া বালুয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি আক্তার গাবতলী উপজেলার মালিয়ানডাঙা গ্রামের জাকির হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাদা-দাদির সঙ্গে ফরিদপুর গ্রামে তার ফুফা ইউসুব আলীর বাড়িতে বেড়াতে আসে জান্নাতি। শুক্রবার সকালে তাকে ফুফার বাড়িতে রেখে দাদা-দাদি নিজ বাড়িতে ফিরে যান।
পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশী শিশুদের সঙ্গে খালের পানিতে গোসল করতে নামে জান্নাতি। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা বিষয়টি তার ফুফা ও ফুফুকে জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খালে খোঁজাখুঁজি করেন। তবে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
পরে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে খাল থেকে জান্নাতির মরদেহ উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন ডুবুরি দলের সদস্য আব্দুর রাজ্জাক।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে জান্নাতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
The post ধুনটে খালে ডুবে শিশুর মৃত্যু, ৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার appeared first on ভোরের চেতনা.
