শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর শহরের রঘুনাথ জিউর মন্দিরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. হযরত আলী। কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি মুঠোফোনে কর্মসূচির উদ্বোধনকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরে প্রধান অতিথি মো. হযরত আলী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শাড়ি ও নগদ অর্থ দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেন।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম ভিপি, শহর বিএনপির সদস্যসচিব আবু জাফর, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, শেরপুর জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি গৌতম সাহা এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশ নেন।
