জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ অক্টোবর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি হাবিল উদ্দিন (৪০) এবং তাঁর সহযোগী আনোয়ার হোসেন (৪৭), জাকারিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর বিকেলে পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে পাথরঘাটায় যাওয়ার কথা বলে চালক শাখাওয়াত হোসেনের অটোভ্যান ভাড়া করেন হাবিল উদ্দিন। ভ্যানটি পাথরঘাটা ব্রিজের কাছে নির্জন এলাকায় পৌঁছালে তিনি লোহার শাবল দিয়ে চালকের মাথায় আঘাত করেন। এতে শাখাওয়াতের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে ভিকটিমের গামছা দিয়ে রক্তের দাগ মুছে সেটি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল ব্রিজের নিচে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান হাবিল। পরবর্তী সময়ে চক্রের আরেক সদস্য আনোয়ার হোসেনের সহায়তায় ছিনতাই করা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার শাবল, রক্তমাখা গামছা এবং ভ্যান বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট জেলা ডিবির ওসি রাজু কামাল জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।
The post যাত্রী সেজে অটোভ্যান চালককে হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ৪ appeared first on ভোরের চেতনা.
