
লন্ডন থেকে সংবাদদাতা : যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর সামাজিক সংগঠন বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে এর উদ্যোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যাপক ডা. হোসাইন আহমদের যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের আল বারাকা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকের সভাপতি মো. লুতফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. হোসাইন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অন্যতম পরিচালক, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, সংগঠনটির সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ আল মুনিম, ডা. এহতেশামুল হক, প্রিন্সিপাল আনোয়ার আলী, বড়লেখার ২ নম্বর দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজ আব্দুল করিম, ব্যবসায়ী হেলাল উদ্দিন, অ্যাডভোকেট এবাদুর রহমান সুফিয়ান এবং লেখক ও শিল্পী হিফজুর রহমান তাসনীম।
এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকের কার্যপরিষদ সদস্য সালাহ উদ্দিন, জামিল হোসেন, শামিম উদ্দীন, ওলিউর রহমান, ফারুক আহমদ ও নজরুল ইসলামসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রবাসী বড়লেখাবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দেশের শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা জানানোর মাধ্যমে প্রবাসী সমাজের সঙ্গে মাতৃভূমির সম্পর্ক আরও নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীর সামাজিক বন্ধন জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও নিজস্ব শিকড়, ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি ভালোবাসা অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজ এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ তুলে ধরার সুযোগ সৃষ্টি করে।
