ভারত থেকে কেনা ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে বন্দর দিয়ে ভারত থেকে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।
রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা দর্শনা সীমান্তে নতুন রেলকোচগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় সীমান্তে নতুন ও আধুনিক বৈশিষ্ট্যের ব্রডগেজ রেলকোচগুলো একনজর দেখতে দর্শনার্থীদের উৎসুক ভিড় জমে যায়।
ভারত থেকে আসা এই চালানে বিভিন্ন ক্যাটাগরির ১৮টি ব্রডগেজ কোচ রয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি সিøপার কার এবং দুটি এসি পাওয়ার কার। এর আগে গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার ‘রেলকোচ ফ্যাক্টরি’ থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। সেখান থেকে যাত্রা করে কোচগুলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রানাঘাট রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এরপর শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের গেদে বন্দর সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনায় প্রবেশ করে।
সংশ্লিষ্টরা বলছেন, দর্শনা আন্তর্জাতিক বন্দর এলাকায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হচ্ছে। সীমান্ত এলাকার আনুষ্ঠানিকতা শেষেই কোচগুলো পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রানের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যাবে। এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কোচগুলো রেলবহরে যুক্ত হলে যাত্রীদের সেবা ও আরামদায়ক ভ্রমণ বৃদ্ধি পাবে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, কোচগুলো সৈয়দপুর কারখানায় নেওয়ার পর ট্রায়াল রান করা হবে এবং এরপরই এর সার্বিক গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, ২০২৪ সালে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (আরআইটিইএস) সঙ্গে সম্পাদিত ২০০টি ব্রডগেজ কোচ চুক্তির আওতায় এটিই প্রথম চালান।