টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা দিকে যাচ্ছিলো। পথে পৌলি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়।
এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্তত তিনজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
