সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৮ লাখ টাকা মূল্যের চার বোতল হেরোইন তৈরীর কাঁচামাল জব্দ করেছে। মঙ্গলবার দুপুরে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৬ অক্টোবর (শুক্রবার) রাতে দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্ত এলাকা থেকে উক্ত চার বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর পর উক্ত মাদকদ্রব্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ প্রাপ্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ অক্টোবর রাতে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দেবহাটা উপজেলা কোমরপুর সীমান্তে অভিযান চালায়। এসময় সেখান থেকে চার বোতল জে এন্ড বি মারটিনি ড্রাগস নামক মাদক জব্দ করে।
এরপর ওই চার বোতল মাদকদ্রব্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ মঙ্গলবার প্রাপ্ত পরীক্ষার ফলাফল অনুযায়ী এগুলো হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। বোতলের গায়ে উল্লেখিত মূল্য অনুযায়ী, প্রতিটি বোতলের মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। সে অনুযায়ী চার বোতলের সর্বমোট বাজার মূল্য ৭৮ লাখ টাকা।
নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়-এমন চার বোতল মাদকদ্রব্য জব্দ করা ১৭ বিজিবি ব্যাটালিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির দৃঢ় অবস্থান আবারও প্রতিফলিত হয়েছে বলে তিনি মনে করেন।
