জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে আগামীকাল ১৫ অক্টোবর ক্যাম্পাসে ৭০ টাকা রেজিস্ট্রেশন ফিতে গরু ভোজের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা; এর আগে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের পর প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গরু ভোজ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে কর্মসূচির স্থান হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উল্লেখ করা হয়েছে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এজিএস মাসুদ রানা এ সংক্রান্ত একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। একই পোস্ট শেয়ার করেন জবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ। ফেসবুক পোস্টের লিংকে রেজিস্ট্রেশনের জন্য গুগল ফরমের লিংকও শেয়ার করেছেন তারা।
এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
উল্লেখ্য গত সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে নৈশভোজের সময় গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় বিক্ষোভও করেন তারা।
ওই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দিয়ে প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশের পরই গরু ভোজ কর্মসূচির ঘোষণা সামনে আসে।
