সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের (IEF-17) সাইডলাইনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সৌদি আরব সফররত প্রতিমন্ত্রী রিয়াদে সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার নাসের আল কাহতানি, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং QatarEnergy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবি এবং ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
সৌদি বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারের সঙ্গে বৈঠকে প্রতিমন্ত্রী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং সৌদি আরবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এই হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে প্রেরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিতকরণে সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফসোর ও অনসোর গ্যাস আহরণের বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে।
কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া, দিনের তৃতীয় বৈঠকে ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হলে প্রতিষ্ঠানটি এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধি দল ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
