সরকারি চাকরিতে ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত না করার দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।
তারা বলেছেন, এ পদ সবার জন্য উন্মুক্ত করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান, পদোন্নতি ও পেশাগত অগ্রগতির সুযোগ সংকুচিত হবে। এতে প্রকৌশল খাতে অস্থিরতা তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি আদেশ অনুযায়ী ১০ম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ এবং ৩৩ শতাংশ পদোন্নতিসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাপ্য অধিকার সংরক্ষণ করতে হবে। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে একতরফাভাবে নিয়োগবিধি সংশোধনের মাধ্যমে তাদের পদসংখ্যা ও পদোন্নতির সুযোগ সংকুচিত করা হচ্ছে। এতে দীর্ঘদিনের অর্জিত অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞাপন
তারা অভিযোগ করেন, পিডিবি, ডিপিডিসি ও নেসকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগের প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ ছাড়া নিয়োগবিধি ও পদোন্নতির জ্যেষ্ঠতা নীতিমালায় বৈষম্যের কারণে বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হচ্ছে। হয়রানিমূলক মামলার অজুহাতেও শত শত উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ আটকে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।
এফডিইবির নেতারা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করার যে কোনো উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত পদ, দায়িত্ব ও পেশাগত অধিকার সংরক্ষণে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং জনবল কাঠামো যথাযথ অনুসরণ করতে হবে।
মানববন্ধনে সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকেই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ভর্তির কোটা ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং যোগ্যতা অনুযায়ী শিক্ষার পথ সুগম করা কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে- ‘ষড়যন্ত্রমূলক নিয়োগ বিধি বাতিল কর, করতে হবে’; ‘বিপিডিবি, এলজিইডির উপ-সহকারী প্রকৌশল ও জুনিয়র ইন্সট্রাক্টর পদের পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে’; ‘আইডিইবি নির্বাচন নিয়ে টালবাহানা চলবে না, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে’; ‘চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না’ সহ নানান স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য দেন এফডিইবির কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুছ ছাত্তার শাহ, সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি প্রকৌশলী আব্দুস সামাদ সরদার, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি প্রকৌশলী আব্দুল কাইয়ুম বাচ্চু, গাজীপুর মহানগরীর সভাপতি প্রকৌশলী ফারুক আহমেদ, ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আবছার উদ্দিন প্রমুখ।
আরএএন/কেএসআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
