প্রতিনিধি, সুনামগঞ্জ · ১৮ অক্টোবর, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাডুবিতে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারানো চার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারগুলোর হাতে মোট ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও কানাডাপ্রবাসী জ্যোতির্ময় গোপ এবং তার প্রবাসী বন্ধুদের সহযোগিতায় চার পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া ঢাকার নাথ কল্যাণ সমিতির পক্ষ থেকে তিন পরিবারকে আরও ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে নিহতদের স্ত্রীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, কমিউনিটি নেতা প্রমুদ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্যসচিব অমিত কান্তি দেব, সাংবাদিক গোবিন্দ দেব, সমাজকর্মী আব্দুল মুকিত, তৈয়বুর রহমান সিতু, মোহন গোপ, রুবেল আহমেদ ভুইয়া ও রিংকু দেবনাথ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সদস্যসচিব অমিত কান্তি দেব বলেন, আড়াই মাস আগে নৌকাডুবিতে চার পরিবারের উপার্জনকারী সদস্যদের মৃত্যুতে ছোট ছোট সন্তানদের নিয়ে পরিবারগুলো অসহায় হয়ে পড়ে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন দেখে ঢাকার নাথ কল্যাণ সমিতির সভাপতি সুজন চন্দ্র দেবনাথ সমিতির পক্ষ থেকে অনুদান পাঠিয়েছেন। এই সহায়তা পরিবারগুলোর পূজার আনন্দে কিছুটা হলেও স্বস্তি আনবে বলে আশা করেন তিনি।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ওই এলাকার মৃত জোগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ, মৃত সুবল দেবনাথের ছেলে সতীন্দ্র দেবনাথ এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ ও তার ছোট ভাই অধির দেবনাথ নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত চারজনই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য।
গুগলে আমাদের খবর পেতে
