ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে বিদ্যুতের বোর্ড থেকে আগুন লেগে কৃষক দবির মিয়ার টিনের তৈরি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়েছেন অসহায় এই কৃষক।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, দবির মিয়া একজন দরিদ্র কৃষক। তাঁর ছোট্ট টিনের ঘরটিই ছিল আশ্রয়স্থল। তিনি পাতবিলা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে হাসপাতালে ছিলেন তিনি। এরই মধ্যে রাতে তাঁর বাড়িতে আগুন লাগে।
গ্রামবাসীর ধারণা, ঘরের বিদ্যুতের বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, বিদ্যুৎ সংযোগ চালু থাকায় প্রথম দিকে আগুন নেভানোর চেষ্টা করা সম্ভব হয়নি। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে দবির মিয়ার বসতঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করা এই কৃষকের মাথা গোঁজার জায়গাটুকুও এখন আর নেই।
ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে দুঃখ ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের এমন দুরবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন।
এ অবস্থায় অসহায় কৃষক দবির মিয়ার পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।
The post বিদ্যুতের আগুনে পুড়ে ছাই কৃষক দবির মিয়ার বসতঘর appeared first on ভোরের চেতনা.
