মেহেরপুরে দুর্গাপূজার নিরাপত্তা জোরদারে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
অক্টোবর ২০, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
মেহেরপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন এবং জেলার সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।
মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি উৎসবের দিনগুলোতে সর্বোচ্চ সতর্কাবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এ ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দেন।
পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
