মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। গতকাল সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের ধাওয়া ও মারধরে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত তাইজুল
মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।
হামলায় আহত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত তাইজুল আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানের সামনে অটোরিকশা থেকে বোরকা পরা চার যুবক নেমে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার এবং মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যায়। পরে তাইজুলকে আটক করে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, হামলায় আহত মহাসিন ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় দফাদার ও বাজার কমিটির সভাপতি ফিরোজ সরদার বলেন, দোকানের সামনে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখে প্রথমে ভেবেছিলাম, তারা নারী। ভিক্ষা করতে এসেছে। পরে তারা তিনটি বোমা বিস্ফোরণ ঘটায়। একটির বিস্ফোরণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তারা জহিরকে কোপাতে শুরু করে। মিলন চেয়ারম্যান তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার শরীরেও রক্ত লাগে। পরে মহাসিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা ধাওয়া করলে তিনজন পালিয়ে যায়। তাইজুলকে আটক করার পর মারধর করলে সে গুরুতর আহত হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে অন্য এলাকা থেকে আসা কয়েকজন লোক কালিগঞ্জে চাঁদাবাজি, মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে, এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, সকালে সাবেক চেয়ারম্যান মিলন সরদার তার লোকজন নিয়ে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বোরকা পরিহিত চারজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের মধ্যে নিহত তাইজুল, সাইফুল ও আলামিন— এই তিনজনকে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মহাসিন ও জহিরের সঙ্গে তাইজুলের হাতাহাতি হয়। পরে তাইজুল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তবে, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
