ডা. শফিকুর রহমান ছাত্রলীগের নেতা ছিলেন: রাশেদ খাঁন
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:১১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ‘মহামানব’ আখ্যা দেওয়ার প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি আরো লেখেন, জামায়াতের নেতা হওয়ার আগে ডা. শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। একই সঙ্গে কর্মজীবী নারীদের নিয়ে কটূক্তির অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগে শফিকুর রহমানকে দায়মুক্তি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের নেতা হওয়ার আগে ডা. শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। তখনও কি তিনি ‘মহামানব’ ছিলেন, নাকি জামায়াতে যোগ দেওয়ার পর থেকে তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন? বিষয়টি জামায়াতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট করলে বোঝা সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কি না, তা তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন চাইলেও সেটি হেফাজতে দিতে তিনি ভয় পান বলে তাঁর দাবি। এ অবস্থায় কর্মজীবী নারীদের নিয়ে কটূক্তির অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগে তাঁকে দায়মুক্তি দেওয়া যায় না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেলের ঘোষিত ‘শতভাগ সত্যবাদী মহামানব’ উপাধি কার্যকর করার জন্য হলেও ডা. শফিকুর রহমানের উচিত, এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের সত্যতা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং তদন্তের স্বার্থে নিজের মোবাইল ফোন পুলিশি হেফাজতে দেওয়া।
