ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, দামি মোবাইল ফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের ভাষ্য, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল পুলিশ পরিচয়ে প্রথমে প্রবাসী রমজান মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের, এমনকি শিশুদেরও হাত-পা বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি চালায়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতেরা।
এরপর ডাকাত দলটি পাশের বাড়িতে থাকা আরেক মালয়েশিয়া প্রবাসী ওসমান মিয়ার বাড়ির দরজায় আঘাত করতে থাকে। এ সময় তাঁর স্ত্রী রিনা বেগম চিৎকার করলে ডাকাতেরা ঘরে ঢুকে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে শাবল দিয়ে দরজা ভেঙে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। বাকিরা বাইরে অবস্থান করছিল।
ওই বাড়ি থেকেও স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। ভুক্তভোগীদের দাবি, এ বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতেরা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ডাকাতির ঘটনায় পুলিশ কাজ করছে। সকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও কসবা থানা পুলিশ যৌথভাবে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, ডাকাতির বিষয়টি জানার পর থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার
পাশাপাশি যেসব এলাকায় রাতে ডাকাতির প্রবণতা বেশি, সেসব এলাকায় টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
The post কসবায় দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
