নিজস্ব প্রতিবেদক
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এ মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে টানা ১৮তমবারের মতো দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ও বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন শিরিন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন এবং ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের অনুভূতি প্রকাশ করে দ্রুততম মানবী শিরিন আক্তার বলেন, “আমি আমার খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ শিক্ষক ও কোচরা আমাকে প্রতিনিয়ত সহযোগিতা করছেন। মাস্টার্স শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করার প্রস্তুতিও নিচ্ছি।”
উল্লেখ্য, এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড সময় নিয়ে টানা ১৭তম বারের মতো দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছিলেন শিরিন। এবার নিজের সেই রেকর্ড ছাড়িয়ে টানা ১৮তম বারের মতো দেশের শীর্ষ নারী স্প্রিন্টারের মুকুট বজায় রাখলেন এই অ্যাথলেট।
