সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই গোয়েন্দা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধিক্ষেত্রভুক্ত একটি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাজরান অঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা বেড়েছে। ইয়েমেনভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জোটের সংঘাতও তীব্র হয়েছে। ইয়েমেনের সংঘাত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরানবিরোধী যুদ্ধের আরেকটি রণাঙ্গনে পরিণত হয়েছে।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, নাজরানের কাছে সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে তাদের বাহিনী। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় হুতিদের অবস্থান লক্ষ্য করে ‘শত্রুতামূলক কর্মকাণ্ড’ চালানোর সময় হেলিকপ্টারটিকে গুলি করে নামানো হয়।
তবে রবিবার সারির ওই দাবির জবাবে আল-মালিকি কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার সারিবদ্ধভাবে রাখা একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘তোমরা দাবি করছ, হেলিকপ্টারটি ভূপাতিত করেছ। কিন্তু এটি শিগগিরই আবার যুদ্ধক্ষেত্রে ফিরবে।’
সূত্র: রয়টার্স
