নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে সরকারবিরোধী অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, সরকারবিরোধী অপতৎপরতাসহ গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।
জানা গেছে, ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আড়ালে চলে যান প্রমা। জনসম্মুখে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। আতাউর জামান বাবু গত বছরের ১৪ আগস্ট নিউ ইঞ্জিনিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এই নেত্রীকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।
