উপমহাদেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা ও চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ) সকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কবর জিয়ারত শেষে মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যান তাঁর কর্ম, আদর্শ ও শিক্ষাক্ষেত্রে অবদানের মাধ্যমে চট্টগ্রামের মানুষের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকবেন। তিনি দীর্ঘ ৩৩ বছর পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে চট্টগ্রামের নগর উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
- Advertisement -
মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজসংস্কারক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণে তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, তার সুফল এখনো সমাজে প্রতিফলিত হচ্ছে। তাঁর জীবন ও কর্ম থেকে বর্তমান প্রজন্মের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রের নেতৃত্বদানকারীদের অনেক কিছু শেখার রয়েছে। জনকল্যাণকে রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করাই তাঁর জীবন থেকে পাওয়া অন্যতম শিক্ষা।
চট্টগ্রাম নগরীর শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন, শিক্ষা একটি জাতির টেকসই উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং দক্ষ মানবসম্পদ গঠনের প্রধান ভিত্তি। তাই নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে চসিক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চসিক শিক্ষা ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে থাকে। বর্তমানে চসিক পরিচালিত ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। এসব শিক্ষার্থীকে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, শিক্ষাকে কেবল সনদ অর্জনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না; শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
মেয়র বলেন, নূর আহমদ চেয়ারম্যানের মতো দূরদর্শী ব্যক্তিত্বদের অবদান যথাযথভাবে মূল্যায়ন এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের কর্ম ও আদর্শ তুলে ধরা প্রয়োজন। তাঁদের জীবনসংগ্রাম, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং শিক্ষার প্রসারে গৃহীত উদ্যোগগুলো নতুন প্রজন্মকে জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে। চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নগরীর শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে চসিক তার কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা,নূর আহমদের দৌহিত্র এস এম সালাউদ্দীন, এস এম নাসিরুদ্দিন আল মামুন, কলামিস্ট ও গবেষক শামসুদ্দীন শিশির, অধ্যক্ষ আবু তালেব বেলাল,আলকরণ নূর আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম শরীফ, সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক ও চসিকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ছবির ক্যাপশন: চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ও অবৈতনিক প্রাথমিক শিক্ষার প্রবক্তা নূর আহমদ চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে তাঁর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
