পিচ দায়ী নয়, ভারতীয় বোলারদের তুলোধনা গাভাসকরেরছবি: X
Published on
:
2 min read
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে ভারত। আরও একবার প্রকট হয়েছে ভারতীয় বোলারদের ব্যর্থতা। যে পিচে দাগ কাটতেই পারেননি অর্শদীপ সিং-মায়াঙ্ক যাদবরা, সেখানে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন ক্যারিবিয়ান পেসার কিমো পল। এর আগেও সমালোচনার মুখে পড়েছে এমন ফ্ল্যাট পিচ। কিন্তু পিচ নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের বোলারদের কাঠগড়ায় তুললেন সুনীল গাভাসকর। বুধবার হারের জন্য পিচকে দায়ী করতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর মতে, বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারলে উইকেটকে দোষ দিয়ে লাভ নেই।
পিচ দায়ী নয়, ভারতীয় বোলারদের ভুল ধরালেন গাভাসকর
বুধবার ম্যাচের শেষে এই নিয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। গাভাসকর জানান, তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডি যখন রান তুলছিলেন, তখন ক্যারিবিয়ান বোলাররাও বেশ কিছু ভুল করেছিলেন। তাঁরা অতিরিক্ত ফুলটস বল করেছিলেন। কিন্তু পরে সঠিক লেংথে বল করে এবং ইয়র্কারের ব্যবহার করায় সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ়। ভারতীয় বোলাররা সেটা করতে পারেননি বলেই ব্যর্থ হয়েছেন, এমনটাই মনে করেন গাভাসকর।
তাঁর মতে, পিচের সুবিধা নিতে হলে বোলারদের সঠিক জায়গায় বল ফেলতে হবে। ফুলটস কিংবা পিচের মাঝামাঝি জায়গায় পড়া বল ব্যাটারদের সহজে রান করার সুযোগ করে দেয়। তিনি বলেন, ‘তিলক ও নীতীশ জুটি যখন রানের গতি বাড়াচ্ছিল, তখন ক্যারিবিয়ান বোলাররাও বেশ কিছু ভুল করেছিলেন। অতিরিক্ত ফুলটস বল করেছিলেন। আমরা প্রায়ই পিচ নিয়ে কথা বলি। অভিযোগ করি যে বোলাররা কোনও সাহায্য পাচ্ছেন না। কিন্তু ফুলটস বল করলে পিচকে দোষ দিয়ে লাভ নেই।’
ভারতের বোলিং ব্যর্থতা
চতুর্থ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২৪৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের সেঞ্চুরি ছাড়াও বড় রান করেন রাদারফোর্ড, হেটমেয়েররা। তবে ভারতের বোলিং বিভাগে ধারাবাহিকতার অভাব স্পষ্ট ছিল। মায়াঙ্ক যাদব ও অর্শদীপ সিং দু’জনেই ৫২ রান করে খরচ করেন। একমাত্র ব্যতিক্রম ছিলেন প্রিন্স যাদব। তিনি ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন।
তবে হায়দরাবাদের নতুন পিচে বোলারদের জন্য কিছুটা সাহায্য ছিল বলে জানিয়েছিলেন ক্রিকেটাররা। তাঁদের মতে, মাঝেমধ্যে বল পিচে থমকে যাচ্ছিল এবং বাউন্সও চোখে পড়ছিল। তাই গাভাসকরের বক্তব্য, এই পরিস্থিতির আরও ভালো ব্যবহার করা উচিত ছিল ভারতীয় বোলারদের।
