রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামে এক চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। এদিকে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হন। রোববার রাতে রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা।
জানা যায়, দুই ছিনতাইকারী রাজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ সময় টহল পুলিশ অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করে। একপর্যায়ে টহল গাড়িতে ধাক্কা দিলে এক পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে ছিনতাইকারীদের ধাওয়া করে। একপর্যায়ে তারাবো বিশ্বরোড-সংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তারা। এদিকে, আহত রাজনকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটক ফয়সাল চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও জামাল নোয়াখালীর করিমপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে।
ওসি এইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।