ফিনটেক অ্যাওয়ার্ডে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের দুটি স্বীকৃতি
দেশ প্রতিক্ষণ, ঢাকা: চতুর্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬ এ বীমা বিভাগে দুটি স্বীকৃতি পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইমস প্রসেসিং সিস্টেম (এসিপিএস) বিজয়ী হয়েছে। অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার পেয়েছে সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন)।
গত ১০ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে ১৩টি বিভাগে ২১টি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে ১৩টি উদ্যোগ বিজয়ী এবং আটটি উদ্যোগ সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। এবারের আয়োজনে মোট ২০৭টি মনোনয়ন জমা পড়ে।
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২১ সালে অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেম চালু করে। এ ব্যবস্থার মাধ্যমে অনলাইনে বীমা দাবির আবেদন জমা দেওয়া এবং দাবির অগ্রগতি অনুসরণের সুবিধা রয়েছে।
২০২৫ সালে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স তাদের নতুন মোবাইল অ্যাপ চালু করে। একই বছর প্রতিষ্ঠানটি অংশীদার হাসপাতালের নেটওয়ার্ক ৫০০টির বেশি এবং খুচরা শাখার নেটওয়ার্ক ১২৫টি কার্যালয়ে সম্প্রসারণ করে। বীমা খাতে প্রযুক্তির ব্যবহার, দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের অন্যতম উদ্দেশ্য।


