খুলনা- মোংলা রেলপথ উদ্বোধনের পর প্রায় দুই বছর অতিবাহিত হলেও আলোর মূল দেখেনি ভাগা রেল স্টেশনটি। ফলে এই অঞ্চলের মানুষের বিড়ম্বনার শেষ নেই। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে স্মারকলিপিসহ দেওয়া হয়েছে লিখিত আবেদনও। তবু প্রতিকার না মেলায় রামপালের ভাগা রেলস্টেশনটি জনস্বার্থে অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসময় তারা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে স্টেশনটি চালু না করা হলে নেওয়া হবে বৃহৎ কর্মসূচি।
বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভাগা রেলস্টেশন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক সচল ও সহজ করতে ভাগা রেল স্টেশনের বিকল্প নেই। স্টেশনটি চালু হলে সহজ ও সাশ্রয়ী রেল যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনসাধারণের ভোগান্তি লাঘবে ভাগা রেলস্টেশন চালু একান্ত প্রয়োজন। স্টেশনটি চালু না হওয়ায় উপজেলার ঝনঝনিয়ায় নির্মিত বিশ্বমানের চিকিৎসাসেবা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে স্বাস্থ্যসেবা নিতে আসা দেশের বিভিন্ন এলাকা হতে সেবাগ্রহীতাদের পোহাতে হচ্ছে সীমাহীন কষ্ট। এছাড়াও বাগেরহাট সদর, রামপাল, ফকিরহাট, চিতলমারী, কচুয়া ও শরণখোলা উপজেলার মানুষের যোগাযোগের চরম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ গণপরিবহনব্যবস্থা। অথচ দীর্ঘদিন ধরে ভাগা রেলস্টেশনটি চালু না থাকায় এ অঞ্চলের মানুষ সম্ভাব্য রেলসেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের দাবি জনগুরুত্বপূর্ণ রেলস্টেশনটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ কবির ও মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব আলমগীর কবির বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজাহারুল ইসলাম ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
