রবিবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
মো. তহীদুল ইসলাম মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে। প্রবন্ধটি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সমন্বয়ক মোহাম্মদ আমীর সাদাত।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী চেতনাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বলেন, নজরুলের অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে তরুণ প্রজন্মকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।আলোচনা সভার পাশাপাশি আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় কবির সাহিত্য ও সংগীতের সাম্য, মানবতা এবং অসাম্প্রদায়িকতার বার্তা ফুটে ওঠে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্ম একটি বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে অনুপ্রাণিত হবে।
The post নজরুল বর্ষ উপলক্ষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান appeared first on ভোরের চেতনা.
