ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬, ৯:২৪ অপরাহ্ন | ৯:২৪ অপরাহ্ন
| ০
সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজে শৃঙ্খলা নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এর অংশ হিসেবে প্রথমবারের মতো পাঁচটি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টায় সিউকের সম্মেলনকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির দ্বিতীয় সভায় এসব নকশা অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সভা পরিচালনা করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. সাদিউর রহিম জাদিদ।
সিউক সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট ভবনের নকশা অনুমোদন কার্যক্রমের বিষয়ে প্রথম গণবিজ্ঞপ্তি জারি করা হয়। পরে নকশা প্রণয়ন ও অনুমোদন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে আবেদন আহ্বান করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আবেদনের নির্ধারিত সময়সীমা শেষ হয়। এরপর ভূমির ছাড়পত্র ও ভবনের নকশা অনুমোদনের আবেদনগুলো যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শন শেষে বিসি কমিটির সভা আহ্বান করা হয়। সভায় সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে পাঁচটি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়।
সিলেটে পরিকল্পিত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুসরণ, প্রযোজ্য বিধিবিধান প্রতিপালন এবং নির্মাণকাজের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখা জরুরি। এ লক্ষ্যে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সিউক।
পাশাপাশি নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে ভবনের ব্যবহার উপযোগিতা নিশ্চিত করা এবং অকুপেন্সি সার্টিফিকেট বা ব্যবহার সনদ প্রদান কার্যক্রমও নিশ্চিত করা হবে। কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের মাধ্যমে অননুমোদিত নির্মাণ নিরুৎসাহিত হবে, ভবন নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তোলা সহজ হবে।
সভায় বিসি কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের উপপরিচালক (স্থানীয় সরকার), গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি, স্থপতি রাজন দাস, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী, সিলেট জেলা পরিষদের সহকারী প্রকৌশলী এবং সিলেট গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী।-বিজ্ঞপ্তি
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
