দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড সেভেনটিন এশিয়ার কনসার্ট বাজারে আয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে। ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে দলটি কনসার্টের টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ১ হাজার ১৮৮ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগীত ও কনসার্টবিষয়ক সাময়িকী পোলস্টারের এশিয়া ফোকাস টপ ট্যুরিং আর্টিস্টস তালিকায় সবার ওপরে রয়েছে ১৩ সদস্যের এই দল। ওই সময়ে সেভেনটিনের মোট ৬ লাখ ৬১ হাজার ৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেওয়াইপি এন্টারটেইনমেন্টের নারী ব্যান্ড টোয়াইস। তাদের আয় ৭ কোটি ৬১ লাখ ৭৬ হাজার ৭৮১ ডলার। তৃতীয় অবস্থানে থাকা টুমরো এক্স টুগেদার (TXT) আয় করেছে ৫ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩৮১ ডলার। বিটিএস রয়েছে চতুর্থ স্থানে।
সেভেনটিনের এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তাদের নিউ ওয়ার্ল্ড ট্যুর। ২০২৫ সালের সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচন থেকে শুরু হওয়া সফরটি এশিয়ার বিভিন্ন শহরের বড় স্টেডিয়াম ও ডোমে অনুষ্ঠিত হয়। ইনচন, হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক ও ফিলিপাইনের বুলাকানে কনসার্ট করার পাশাপাশি জাপানের বিভিন্ন শহরেও পারফর্ম করে দলটি।
হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে সেভেনটিনের চারটি শো-ই ছিল হাউসফুল। ভেন্যুটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চের শোগুলোও সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। এশিয়াজুড়ে দলটি স্টেডিয়াম ও ডোম মিলিয়ে মোট ২২টি কনসার্ট করেছে বলে জানিয়েছে কোরিয়া হেরাল্ড।
এর আগে প্রকাশিত তালিকায় সেভেনটিন দ্বিতীয় স্থানে ছিল। সেবার তাদের ওপরে ছিল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। এবার কোল্ডপ্লেকে পেছনে ফেলে আবারও এশিয়ার শীর্ষ ট্যুরিং আর্টিস্টের জায়গা ফিরে পেল কে-পপ ব্যান্ডটি।
এদিকে সেভেনটিনের সাব-ইউনিট জংহান ও জশুয়ার ‘জার্নি ইনটু ড্রিমিং’ কনসার্ট সফর শুরু হবে ৩০ অক্টোবর। ইনচনের ইনস্পায়ার অ্যারেনায় ১ নভেম্বর পর্যন্ত চলবে উদ্বোধনী পর্ব। এরপর ছয়টি শহরে সফর করবে এই জুটি।
