গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ১১০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১১০। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ শিশুর। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন। এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জনের।
সানা/কেএমএএ/আপ্র/২৩/১০/২০২৬
