শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ অক্টোবর) মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনকালে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এই তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে কোস্ট গার্ডের সদস্যরা নিয়োজিত রয়েছেন। পূজার সময় দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমাদের সাড়ে ৩ হাজার সদস্য।
কোস্ট গার্ডের জোনভিত্তিক দায়িত্বের কথা তুলে ধরে তিনি জানান, উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্ট গার্ড পূর্ব জোন ৬৩টি, পশ্চিম জোন ১৪৪টি, দক্ষিণ জোন ৩৭১টি এবং ঢাকা জোন ৩৭টিসহ মোট ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে।
হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের এই প্রধান ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদ পরিবেশে উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে।
পূজার সময় নৌ দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত থাকবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা নিতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ‘১৬১১১’-এ যোগাযোগ করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
