শক্তিশালী ঘূর্ণিঝড় চাম্পির আঘাতে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনসহ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে। তাইওয়ানের লিউকিউ দ্বীপে ঝড়ের প্রভাবে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯৪ জন। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ মাইল বা প্রায় ২৯৮ কিলোমিটারে পৌঁছেছিল। শক্তির দিক থেকে এটি পাঁচ মাত্রার হারিকেনের কাছাকাছি ছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাবে তাইওয়ানে বিমান, রেল ও সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন ঘটেছে। দেশটির ২২টি কাউন্টি ও শহরের প্রায় সবকটিতে স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করা হয়। শেয়ারবাজারের লেনদেনও স্থগিত রাখা হয়েছে। শুক্রবার ২৬২টি অভ্যন্তরীণ ও ৬৬০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। পাশাপাশি কয়েকটি মহাসড়ক বন্ধ করে এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই জনগণকে সমুদ্রসৈকত ও পাহাড়ি এলাকাসহ ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
এদিকে, জাপানেও ঘূর্ণিঝড়টির প্রভাবে বিমান চলাচল ব্যাহত হয়েছে। অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইন্সসহ চারটি প্রধান বিমান সংস্থার ১৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে অন্তত ১১ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন। ওকিনাওয়া অঞ্চলে সাড়ে তিন হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি জনগণকে ঝোড়ো হাওয়া, পাহাড়ধস ও বন্যার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, চীনের আবহাওয়া কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়টির প্রভাবে সতর্কতা জারি করেছে। দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে কমলা সতর্কসংকেত দেওয়া হয়েছে।
তাইওয়ানের জাতীয় ফায়ার এজেন্সির কর্মকর্তা চিয়াং চি-চিয়াং সতর্ক করে জানিয়েছেন, হুয়ালিয়েনের ওয়ানলি ক্রিক এলাকায় ভূমিধসের কারণে সৃষ্ট বাঁধে বিপুল পরিমাণ পানি জমে রয়েছে। সেখানে প্রায় ৫০ লাখ মেট্রিক টন পানির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনজীবন ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।
The post ঘূর্ণিঝড় চাম্পির দাপটে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বন্ধ শত শত ফ্লাইট appeared first on ভোরের চেতনা.
