কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আজগরা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর পেছনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম ও চট্টগ্রাম থেকে রেলওয়ের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে লাইনটি দ্রুত চলাচলের উপযোগী করার কাজ চলছে বলে নিশ্চিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।