
ব্রাহ্মণপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার শশীদল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দেউশ এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে গত শনিবার ও রবিবার (১০ ও ১১ অক্টোবর) দুই দিনব্যাপী এ দুই ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন তাঁরা।
তথ্য সংগ্রহের মাধ্যমে নির্ধারিত এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করার ক্ষেত্রে নির্ভুল তথ্য সংগ্রহকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোর সঠিক তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করা প্রয়োজন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে আমরা কাজ করছি। তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পাশাপাশি সংগৃহীত তথ্যের যথার্থতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ভুল তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরবর্তী ধাপগুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
