কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন এক মাছ ব্যবসায়ী। পরে কেটে খুচরা বিক্রি করেন ১ লাখ ৩৫ হাজার টাকায়। বড় আকৃতির মাছটি দেখতে স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।
একই দিন সন্ধ্যায় উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। এতে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা। বিশাল আকৃতির বাঘাইড়টি দেখতে সেখানে ভিড় করেন ক্রেতা ও উৎসুক জনতা। শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।
মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় দেশি মাছ ধরা পড়ছে। এসব মাছের চাহিদাও বাজারে বেশ ভালো। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।
আরেক মাছ ব্যবসায়ী মো. ফুলমিয়া জানান, বড় আকারের মাছের জন্য অনেক ক্রেতা আগাম অর্ডার দিয়ে রাখেন। বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা তাঁর কাছ থেকে এসব মাছ কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে দেশি মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এই বাংলা/এমএস
