সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে চোটের কারণে অংশ নিতে পারেননি নীরজ চোপড়া। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতের তারকা অ্যাথলিট গোড়ালির চোট কাটিয়ে সুস্থ হওয়ার পথে। শনিবার টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, আগের তুলনায় তাঁর চোট অনেকটাই সেরেছে। আশা করছেন, আগামী বছরই ট্র্যাকে ফিরে আসবেন।
টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতলেও প্যারিস অলিম্পিকে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে। চলতি মরশুমের শুরুতে চোট পেয়েছিলেন ভারতীয় তারকা। যার ফলে চলতি মরশুমে সেভাবে পারফর্ম করতে পারেননি। গত আগস্টে প্রশিক্ষণের সময় ফের চোট পান তিনি। যার ফলে আইচি নাগোয়া এশিয়াডে অংশ নিতে পারেননি। এমনকী ডায়মন্ড লিগ ফাইনালেও নামতে পারেননি নীরজ। এদিন এক সাক্ষাৎকারে ভারতের সোনার ছেলে বলছিলেন, “২০২৮ অলিম্পিক এখনও বেশ দেরি আছে। এই মুহূর্তে ট্র্যাকে ফিরে আসার জন্য প্রস্তুত হচ্ছি। আগের তুলনায় অনেক ভালো জায়গায় আছি। আশা করছি, আগামী বছর আরও শক্তিশালী হয়েই ফিরব। এবং সেরা পারফরম্যান্স মেলে ধরতে বদ্ধপরিকর।”
সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ভারতের অপর দুই জ্যাভলিন থ্রোয়ার যশবীর সিং এবং রোহিত যাদব চমৎকার পারফরম্যান্স করেছেন। যশবীর রুপো এবং রোহিত ব্রোঞ্জ পেয়েছেন। দু’জনের পারফরম্যান্সেরই ভূয়সী প্রশংসা করেছেন নীরজ। তিনি বলেছেন, “শুধু যশবীর নয়, রোহিতও দুর্দান্ত পারফর্ম করেছে এশিয়াডে। গত এশিয়ান গেমসে আমরা দু’টি পদক পেয়েছিলাম। একটা সোনা ও একটা রুপো। এবারও কিন্তু আমরা জ্যাভলিনে দু’টো পদক পেয়েছি। আমি এবং কিশোর জেনা অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও ভারতীয় অ্যাথলিটরা নিজেদের প্রমাণ করেছেন। নতুন এবং তরুণ ক্রীড়াবিদদের এই উত্থান ভারতের জন্য ভালো লক্ষণ। ওদের পারফরম্যান্সই প্রমাণ করে দিচ্ছে, ভারতে প্রতিভার অভাব নেই। ওদের দু’জনকেই ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।”
একইসঙ্গে ভারতের দুই তরুণ জ্যাভলিন থ্রোয়ারকে পরমার্শও দিয়েছেন নীরজ। তাঁর বক্তব্য, “আমি ওদের একটাই পরামর্শ দেব, চোট আঘাত যেন না লাগে। নিজেদের যত্ন নিতে হবে। একইসঙ্গে খেলাটাকেও উপভোগ করতে হবে। তবেই ভালো পারফরম্যান্স করা সম্ভব।”
