ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু নাহিদা (৭) ও ফাতেমা (৩) দুইজন সম্পর্কে আপন বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়ার কারণে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।
ভালুকা মডেল থানা ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
