কুমিল্লার লাকসাম উপজেলায় কাউসার হোসেন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বাকই ইউনিয়নের তারাপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউসার ওই গ্রামের পূর্ববাড়ির প্রয়াত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর কাউসার আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
রবিবার সকালে তারাপুর গ্রামের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ও উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজের সময় মরদেহের পাশ থেকে বস্তাবন্দী কিছু সিগারেটও উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেন, সম্প্রতি নিহতের বাড়ির পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল।
মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া সিগারেটের বস্তাটি ওই চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
লাকসাম থানার এসআই হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিআলো/আমিনা