কালবেলা · খেলাধুলা
ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা
২২/১০/২০২৬

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) জর্জিয়ান উইঙ্গার খভিচা কাভারাৎসখেলিয়া মারাত্মক হাঁটুর ইনজুরিতে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরাসি জায়ান্টদের জন্য চরম দুঃসংবাদ বয়ে এনেছে তার এই চোট। স্ক্যানের পর দীর্ঘ সময়ের জন্য তাকে মাঠের বাইরে ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৪-২ গোলের দুর্দান্ত জয়ের রাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। ম্যাচের একপর্যায়ে জাভি এস্পার্তের সঙ্গে কঠিন সংঘর্ষের পর ডান হাঁটুতে মারাত্মক আঘাত পান ২৫ বছর বয়সী এই উইঙ্গার। পরবর্তী সময়ে পরীক্ষার পর তার এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।
আগামী কয়েক দিনের মধ্যেই অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে এই জর্জিয়ান তারকাকে। এরপর শুরু হবে মাঠে ফেরার দীর্ঘ ও কঠিন লড়াই। ফরাসি চ্যাম্পিয়নরা এখনো তার ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি, তবে সাধারণত এ ধরনের গুরুতর ইনজুরি থেকে সেরে উঠতে পুরো মৌসুমই লেগে যায়।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৯টি গোল করে পিএসজিকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। চলতি বছরে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়েও অন্যতম শীর্ষ দাবিদার ভাবা হচ্ছিল তাকে। এমন সময়ে এই চোট তার ক্যারিয়ারের জন্য এক বড় আঘাত।
এই কঠিন সময়ে কাভারাৎসখেলিয়ার পাশে এসে দাঁড়িয়েছে পুরো ফুটবল বিশ্ব। আল-নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ান রোনালদো নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা পাঠিয়েছেন তাকে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ইনজুরির লড়াই পেরিয়ে আসা রোনালদো কাভারাৎসখেলিয়ার ইনস্টাগ্রাম পোস্টে এক আবেগঘন মন্তব্য করেন।
কাভারাৎসখেলিয়াকে মানসিক শক্তি জুগিয়ে রোনালদো লেখেন, ফুটবলের সবচেয়ে কঠিন যুদ্ধগুলো সাধারণত কেউ দেখতে পায় না। আমি তোমার এই অনুভূতিটা খুব ভালো করেই বুঝতে পারছি, কাভারা। তবে মনে রেখো, কোনটা তোমাকে আজ এত দূর নিয়ে এসেছে। এই কঠিন মুহূর্ত যেন তোমাকে নিজের সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সংশয়ে না ফেলে। ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, তোমার সেরাটা দেওয়া এখনো বাকি।
মূল প্রতিবেদনে যান ↗