রেকর্ড তেম্বা বাভুমার।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (Temba Bavuma)। মঙ্গলবার গকেবেরহায় (Gqeberha) ১৭৯ রানের দুরন্ত ইনিংস খেললেন ৩৬ বছরের এই ব্যাটার। বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর মাঠে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। স্কট বোল্যান্ডের (Scott Boland) দাপটে একের পর এক উইকেট হারায় দল। সেখান থেকে দলকে টেনে তোলেন বাভুমা।
রায়ান রিকেলটন, মার্কো জানসেন এবং সাইমন হার্মারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ে ফেরান তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪২৫ রান তুলে প্রথম ইনিংসের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর এই ইনিংসেই একাধিক রেকর্ড গড়লেন বাভুমা।
আজ়হারউদ্দিনকে পিছনে ফেললেন বাভুমা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দেড়শো বা তার বেশি রান করা সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক হলেন বাভুমা। ৩৬ বছর ১৫৪ দিন বয়সে ১৭৯ রানের ইনিংস খেলে তিনি পিছনে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনকে (Mohammad Azharuddin)।
১৯৯৮ সালে কলকাতায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬৩ রান করেছিলেন আজ়হারউদ্দিন। সেই সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর ৩৮ দিন। এই তালিকায় এর পর রয়েছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। ১৯৩৮ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪০ রান করেছিলেন তিনি। তাঁর বয়স ছিল ৩৫ বছর ৫ দিন। ১৯৭৫ সালে মেলবোর্নে ১৮৮ রান করা ইংল্যান্ডের মাইক ডেনেস এবং ২০০৯ সালে লর্ডসে ১৬১ রান করা অ্যান্ড্রু স্ট্রসও রয়েছেন এই তালিকায়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন নজির
শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে দেড়শো বা তার বেশি রান করা সবচেয়ে বেশি বয়সি অধিনায়কদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন বাভুমা। এই তালিকায় তাঁর আগে রয়েছেন অস্ট্রেলিয়ার আর্থার হ্যাসেট। ১৯৫০ সালে গকেবেরহাতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬৭ রান করেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ৩৬ বছর ১৮৭ দিন। অর্থাৎ, প্রায় ৭৬ বছর আগে হ্যাসেট যে নজির গড়েছিলেন, তার কাছাকাছি পৌঁছে গেলেন বাভুমা।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড। ১৯৩৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮১ রান করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্রায়ান লারাও রয়েছেন তালিকায়। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২ রান করেছিলেন লারা।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার অধিনায়কদের মধ্যে চতুর্থ
বাভুমার ১৭৯ রানের ইনিংস দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে অধিনায়কদের করা সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকাতেও জায়গা করে নিয়েছে। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তাঁর আগে রয়েছেন হাশিম আমলা, যিনি ২০৮ ও ২০১ রানের ইনিংস খেলেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গ্রেম স্মিথ। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে তাঁর সর্বোচ্চ রান ১৮৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে দলকে সামলে বাভুমার এই ইনিংস তাই শুধু দক্ষিণ আফ্রিকাকে বড় রান তুলতেই সাহায্য করেনি, টেস্ট ক্রিকেটের রেকর্ড বইয়েও তাঁর নাম তুলে দিয়েছে।