দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রবিবার (২৫ অক্টোবর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে, শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমতে শুরু করে।
বিশ্ববাজারে স্বর্ণ ও রূপার দামের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, রবিবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৯৯৫ মার্কিন ডলার।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৩৯১ টাকা।
