রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে প্রকাশ্যে এক ফ্রান্সপ্রবাসীর পথরোধ করে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রাইভেট কারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ভুক্তভোগী প্রবাসী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ফ্রান্সপ্রবাসীর নাম মাসুম মোল্লা (৩৫)। তিনি উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। জমিসংক্রান্ত লেনদেনের উদ্দেশ্যে তার শ্বশুর বরকত উল্লাহ ভুলতা এলাকার দুটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ এই অর্থ উত্তোলন করেন।
মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতার ঢাকা ব্যাংক শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে সমুদয় ২৬ লাখ ৮০ হাজার টাকা একটি ব্যাগে ভরে মেয়েজামাই মাসুম মোল্লার হাতে তুলে দেন।
