অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছে। এ সময় এক ফরাসি মেয়রও আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনি গ্রাম তাইবেহর কাছে এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ পরিদর্শনে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর ইসরাইলি হামলাকারীরা চড়াও হন। এর একদিন আগে রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়েছিল।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, হামলায় আক্রান্তদের মধ্যে ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা ছিলেন। এতে বেলজিয়ামের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে প্রেভো বলেন, ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের দায়িত্ব হলো ফিলিস্তিনিদের সুরক্ষা দেয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তি অবশ্যই বন্ধ হতে হবে।’
হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোডক্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই হামলা থেকে বোঝা যায়, বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় ইসরাইলি সরকারের এক ধরনের সম্মতি রয়েছে।
অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘ইসরাইলি দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, ইউরোপীয় কর্মকর্তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গ্রামে গিয়েছিলেন। তবে এরপরও হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা জানিয়েছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র: রয়টার্স, আল জাজিরা
বিআলো/শিলি