Published : 18 Oct 2026, 12:27 AM
Updated : 18 Oct 2026, 12:27 AM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিবাসন পুলিশের হাতে এনামুল হক এনাম হক (৬২) নামে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, যিনি দেশটিতে বসবাস করছেন ৩৪ বছরেরও বেশি সময় ধরে।
স্থানীয় সময় গত বুধবার তাকে নিউইয়র্ক স্টেটের বাফেলো সিটি থেকে গ্রেপ্তার করা হয় বলে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী তথ্য দিয়েছেন।
এনামুল হকের বাড়ি কুমিল্লায়। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তার গ্রিনকার্ড হয়নি। অবৈধভাবে তিনি সেখানে বসবাস করছিলেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “অভিবাসনের বিধি লঙ্ঘন ব্যতীত এনামুলের কোনো অপরাধ ছিল না। তিনি সাংস্কৃতিক সংগঠক হিসেবে গত কয়েক দশকে বেশ কিছু তারকা শিল্পীকে ‘স্পন্সর করে’ যুক্তরাষ্ট্রে এনেছেন। সাড়া জাগানো অনুষ্ঠান করেছেন। এর মধ্যে অনেক শিল্পীই গ্রিনকার্ড পেয়েছেন। বিদ্যমান রীতি অনুযায়ী সিটিজেনশিপও নিয়েছেন। কিন্তু এনামুল হক পাননি।”
গত কয়েক মাসে বাফেলো থেকে বেশ কয়েকজন বাংলাদেশিসহ ৪ শতাধিক অবৈধ অভিবাসীকে অভিবাসন পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন মঈন চৌধুরী।
