পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত জাহাঙ্গীর ফরাজির ছেলে। তিনি আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং ওই ওয়ার্ডের দুবারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি কার্যালয় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে দুমকি থানার উপপরিদর্শক তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় অভিযুক্ত আসামি সাইফুল ইসলাম কামাল ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এমএ
