যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতৃবৃন্দ।
রোববার (১৮ অক্টোবর) মাগরিবের নামাজের পর তাঁরা বেনাপোলের পাটবাড়ী আশ্রম, কাগজপুকুর আশ্রম ও ছোটআচড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি, আয়োজকদের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদ আলী, কাগজপুকুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াকুব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, “অন্যান্য বছরের তুলনায় এবার দুর্গাপূজা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী সব নেতৃবৃন্দকে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে পূজার সার্বিক সহযোগিতা করা হবে। আপনাদের কোনো ধরনের অসুবিধা হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে তাঁরা সহযোগিতা অব্যাহত রাখতে চান। পরিদর্শনের সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পূজামণ্ডপের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপনে সহযোগিতার বার্তা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ।
The post বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন appeared first on ভোরের চেতনা.
