দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থায় ধর্মীয় পাঠ্যক্রম অক্ষুণ্ন রেখে ‘ইসলামিক বিজনেস ও অ্যাকাউন্টিং’, ‘কম্পিউটার অ্যাপ্লিকেশন ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ’ এবং ব্যবহারিক ‘আরবি ও ইংরেজি স্পোকেন’ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে সরকারকে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ৩০ দিনের মধ্যে এসব বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি এবং অনলাইনভিত্তিক ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নোটিশে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, মাদরাসা শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় হাইকোর্টে জনস্বার্থে রিট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পাঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে নোটিশটি পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নোটিশে বলা হয়, দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী মাদরাসায় পড়াশোনা করছেন। তাদের ধর্মীয় শিক্ষা ও বিদ্যমান সিলেবাসের প্রতি কোনো আপত্তি না তুলে বরং এর পাশাপাশি আধুনিক ও কর্মমুখী বিষয় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও আন্তর্জাতিক কর্মবাজারে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
নোটিশে ‘ইসলামিক বিজনেস ও অ্যাকাউন্টিং’ বিষয় অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বলা হয়, এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবসায় ব্যবস্থাপনা, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন। একই সঙ্গে ইসলামের নৈতিক ও বাণিজ্যিক মূল্যবোধের আলোকে সৎ ব্যবসা পরিচালনা, মাপে কম না দেওয়া, পণ্যে ভেজাল না মেশানো এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য মজুদ করার মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে শিক্ষা পাবেন।
নোটিশদাতার মতে, ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক ব্যবসায়িক শিক্ষার সমন্বয় ঘটানো গেলে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সৎ উদ্যোক্তা ও ব্যবসায়ী গড়ে তোলার সুযোগ বাড়বে। পাশাপাশি বাজারে অসাধু ব্যবসায়িক চর্চা প্রতিরোধেও এ শিক্ষা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে মাদরাসার শিক্ষার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো প্রয়োজন। এর মাধ্যমে তারা সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাত ও বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে কাজ করার সুযোগ পাবেন।
ব্যবহারিক আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে নোটিশে। এতে বলা হয়, আরবি ভাষায় পাঠ গ্রহণের পাশাপাশি কথোপকথন ও পেশাগত যোগাযোগে দক্ষতা অর্জন করতে পারলে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ও করপোরেট খাতে মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতা তাদের আন্তর্জাতিক কর্মবাজারেও এগিয়ে রাখবে। এর ফলে দক্ষ জনশক্তি তৈরি ও বৈদেশিক আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
বিজ্ঞাপন
অনলাইন ক্লাসের প্রস্তাব
মাদরাসাগুলোতে বিশেষায়িত শিক্ষকসংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে নোটিশে বিকল্প শিক্ষাপদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এতে আইসিটি বিভাগ, মাদরাসা শিক্ষা বোর্ড ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এসব বিষয়ের মানসম্মত ভিডিও ক্লাস তৈরির কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, ভিডিও ক্লাসগুলো একটি সরকারি ওয়েব পোর্টাল বা মোবাইল অ্যাপে বিনামূল্যে উন্মুক্ত করা যেতে পারে। এতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও অনলাইনে পাঠ গ্রহণ এবং কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ
নোটিশে সংবিধানের ১৭ অনুচ্ছেদের মাধ্যমে যুগোপযোগী ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার রাষ্ট্রীয় দায়িত্বের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সুযোগের সমতা, আইনের দৃষ্টিতে সমতা ও বৈষম্যহীনতার বিষয়ে সংবিধানের ১৯, ২৭ ও ২৮ অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
নোটিশদাতার দাবি, মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়ানো হলে তাদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতির পথ আরও প্রসারিত হবে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে প্রস্তাবিত বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্তি এবং অনলাইন ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এফএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
