দশমী পেরিয়ে গেলেও উৎসবের আমেজ এখন কাটিয়ে উঠতে পারেনি শহর কলকাতা। যেখানে ভক্ত থেকে তারকা, সকলেই মেতেছিলেন দুর্গাপুজোয়, সেখানে টলিউডের একঝাঁক তারকার ক্ষেত্রে এই বছরের পুজোটা কিছুটা অন্যরকম। ভরত কল, মোনামী ঘোষ-সহ অনেকেই বর্তমানে বিগ বসের ঘরে বন্দি। আর সেই সূত্রে শহর ছেড়েছেন অভিনেতা সৌরভ দাসও। এ বার কলকাতা থেকেই তাঁর জন্য এল বিশেষ বার্তা। কে পাঠালেন?
সম্প্রতি ‘বিগবস’-এর ঘরে ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে ঢুকেছেন সৌরভ। যদিও এর আগে আরও একটি অনুষ্ঠান ‘রাঁধুনি না কাঁদুনি’তে দেখা মিলেছে তাঁর। জুটি হয়ে খেলেছেন নেটপ্রভাবী প্রেরণা দাসের সঙ্গেও। সেই থেকেই বন্ধুত্ব, আর তা গিয়ে পৌঁছেছে দাদা-বোনের সম্পর্কে। শহরে সৌরভ নেই। নেটমাধ্যমেই প্রেরণা লিখলেন খোলাচিঠি।
বিশেষ সেই অনুষ্ঠান থেকেই একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রেরণা। সৌরভের জন্য তিনি লেখেন, ‘ভাগ্যিস এই শো-টা করলাম। নাহলে এরম দাদা কোথায় পেতাম? শুধু একটা কথাই বলতে চাই, তুমি তোমার মতো করে গেম খেল, তোমার ছোট তোমার সঙ্গে আছে। খুব মিস্ করছি।’ ছবি প্রকাশ্যে আসতে শুভেচ্ছা ও ভালবাসায় ভড়িয়েছেন অনুরাগীরাও।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
