জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।
ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা... আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
এদিকে গুলির ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান। ফলে তিনি অক্ষত রয়েছেন।
এই হামলার পেছনে কোনো ব্যক্তিগত কিংবা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি।
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশের পাশাপাশি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছেন ভক্তরা।
/অ
