শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে বাসে রওনা দেওয়ার সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিমানবন্দর থেকে বাসে করে সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এ সময় সৈয়দপুরের বিভিন্ন স্থানে সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন।
রাজশাহীতে পৌঁছে দুপুরে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে। পরে সেখান থেকে বিমানযোগে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী
২ ঘন্টা আগে
২ ঘন্টা আগে
১৯ অক্টোবর ২০২৬
